খরাকালে পোড়াও, বর্ষাকালে ভাসাও
ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন ডা. জাফারুল্লাহ চৌধুরী। ছবি: প্রথম আলোবাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক রক্তের—পররাষ্ট্রমন্ত্রীর এ কে আব্দুল মোমেনের এমন বক্তব্যের সমালোচনা করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ভারতের সঙ্গে যে রক্তের সম্পর্ক, তা দূষিত রক্ত। এ রক্ত দিয়ে কী হবে?
আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ‘খরাকালে পোড়াও, বর্ষাকালে ভাসাও’—বাংলাদেশের ক্ষেত্রে ভারত এ নীতিতে চলার প্রতিবাদ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।
গতকাল শনিবার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের রক্তের সম্পর্ক। তাঁর এ বক্তব্যের সমালোচনায় জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমাদের সঙ্গে ভারতের রক্তের সম্পর্ক। এই রক্ত তো দূষিত রক্ত। এই দূষিত রক্ত দিয়ে কী হবে? পরিচ্ছন্ন রক্ত দরকার। তাদের সজ্জন হওয়া দরকার।’ তিনি আরও বলেন, ভারতের বিরুদ্ধে সোচ্চার না হলে বাংলাদেশের মুক্তি নাই। এই দূষিত রক্ত থেকে মুক্তি দরকার।

No comments